যুক্তরাষ্ট্রে সকলের জন্য উন্মুক্ত অ্যাপল কার্ড

২১ আগষ্ট, ২০১৯ ২৩:৫৯  
গত অক্টোবরে উন্মোচন করা হলেও শুধুমাত্র নির্বাচিতরাই অ্যাপলের নতুন হাই-টেক ক্রেডিট কার্ড ‘অ্যাপল কার্ড’ ব্যবহারের সুযোগ পেয়েছিলেন। এবার যুক্তরাষ্ট্রের সকলের জন্য উন্মুক্ত করা হলো অ্যাপল কার্ডটি। খবর ম্যাশেবল। আগ্রহীরা আইফোনে প্রি-ইনস্টল থাকা ওয়ালেট অ্যাপের মাধ্যমে অ্যাপল কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যদিও ফিজিক্যাল টাইটেনিয়াম কার্ড হাতে পেতে কিছুটা সময় লাগবে, তবে সাইন আপ করার পরই গ্রাহকরা ভার্চুয়াল কার্ড ব্যবহার শুরু করতে পারবেন। অ্যাপল পে’র পাশাপাশি এই কার্ড ব্যবহার করা যাবে। অফিশিয়াল উন্মোচনকে সামনে রেখে অ্যাপল কার্ডের ডেইলি ক্যাশ প্রোগ্রাম ৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে, যাতে যুক্ত হয়েছে উবার এবং উবার ইটস। অ্যাপল জানিয়েছে, আগামী মাসের মধ্যেই জনপ্রিয় মার্চেন্টস ও অ্যাপ যুক্ত করা হবে এই সেবায়। ডিবিটেক/বিএমটি